পড়ে গিয়ে কোমরের চোটের জন্যই পুরোপুরি গৃহবন্দি হয়ে পড়েছিলেন বলে জানান টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। যার ফলে ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
অভিনেত্রী মানেই তার চেহারা হবে ছিপছিপে— এ ধারণার এখনো খুব একটা পরিবর্তন হয়নি সবার মনে। ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর নিজেকে একপ্রকার সবার চোখের আড়ালেই ছিলেন অভিনেত্রী। বেড়ে গিয়েছিল ওজন। তা নিয়েও হয়েছিল বিপুল আলোচনা-সমালোচনা। এবার নিজেকে পুরোনো ছন্দে ফেরালেন তিনি।
পড়ে গিয়ে কোমরের চোটের কারণে ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ইন্দ্রানী হালদার। পুরোপুরি গৃহবন্দি হয়েছিলেন তিনি। প্রতি দিনের জিম, ব্যায়াম— সব বন্ধ হয়ে যায় চিকিৎসকের পরামর্শে। অভিনেত্রী বলেন, কোমরে চোটের জন্য স্টেরয়েড ওষুধ খেতে হয়েছিল। আর নিয়মিত শারীরচর্চা করা যাদের অভ্যাস, সেটি বন্ধ হলে ডায়েট করেও কোনো লাভ হয় না।
তবে শুধু কোমরের চোট নয়, পরে লিগামেন্ট ছিঁড়েও খুব ভুগতে হয়েছিল তাকে। ততদিনে অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল। তার ওজন বেড়ে ৭৫ কেজি হয়ে গিয়েছিল। প্রায় দুই বছর শারীরচর্চা থেকে দূরে ছিলেন তিনি। মাঝে চেষ্টা করেছিলেন জিমে যাওয়ার। কিন্তু তাতেও কষ্ট হতো বলে জানান ইন্দ্রানী হালদার।
সেই ফেব্রুয়ারি মাস থেকে পুরোনো ছন্দে ফিরেছেন অভিনেত্রী। ইন্দ্রানী হালদার বলেন, মাঝে অল্পস্বল্প জিমে গিয়েছিলাম বলে দুই-চার কেজি ওজন কমেছিল। কিন্তু বুঝেছিলাম— তাতে হবে না। কারণ ততদিনে ২০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমি চিকিৎসকের কাছে গিয়ে ডায়েটের পরামর্শ নিই। কার্ব ছাড়া প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমার ডায়েট চার্ট করে দিয়েছিলেন তিনি।
মাত্র কয়েক মাসেই ২২ কেজি ওজন ঝরিয়েছেন ইন্দ্রানী হালদার। এই কয়েক বছরে চেহারার পরিবর্তন নিয়েও নানা ধরনের কথা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ তো অপমান করতে ছাড়ে না। আমাকে নেতিবাচক মন্তব্যও সহ্য করতে হয়েছে।
পূজার উদ্বোধন করতে গিয়ে খারাপ মন্তব্য শুনতে হয়েছে। মোটা হয়ে গিয়েছিলাম বলে আমার জামাকাপড়ও পরিবর্তন করতে হয়েছে। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলাম। নিজেকে দেখতে ভালো লাগছিল না। সেই সময়েও অনেক কাজের সুযোগ এসেছিল।
চেহারার পরিবর্তন হওয়ায় তিনি নিজেই কাজ করতে চাননি। অভিনেত্রী বলেন, যেহেতু তাকে এভাবে দেখতে দর্শক অভ্যস্ত নয়, তাই তিনি নিজেই সেভাবে ক্যামেরার সামনে আসতে চাননি। তবে এখন তিনি নতুনভাবে কাজে ফেরার জন্য প্রস্তুত।
ইন্দ্রানী হালদার বলেন, কোনো রিয়্যালিটি শো উপস্থাপনা করতে কিংবা ভাল সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তুত। শিগগিরই ক্যামেরার সামনে ফিরতে চান তিনি।


